২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম প্রচার রোধে ইসি নিরুপায়: সাখাওয়াত

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন সামনে রেখে আগাম প্রচারণার কারণে ‘সব প্রার্থীর সমান সুযোগ’ নষ্ট হচ্ছে বলে মনে করলেও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, তফসিল ঘোষণার আগে এটি বন্ধে কিছুই করার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন সামনে রেখে আগাম প্রচারণার কারণে ‘সব প্রার্থীর সমান সুযোগ’ নষ্ট হচ্ছে বলে মনে করলেও নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, তফসিল ঘোষণার আগে এটি বন্ধে কিছুই করার নেই। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে কিছু করার থাকে না ইসির। তবে তফসিল ঘোষণার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। প্রস্তাবিত পোস্টার লাগানো আইনটি পাস হলে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে অনুরোধ জানাব।” নির্বাচন সামনে রেখে পোস্টার ও দেওয়াল লিখনের মাধ্যমে নগরবাসীকে শুভেচ্ছা জানানোর নামে সম্ভাব্য প্রার্থীদের এই প্রচারণাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি। “তফসিলের আগেই পোস্টার লাগিয়ে আগাম প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নষ্ট হয়। এতে নির্বাচনপূর্ব সময়ে অনেক এলাকায় গণ্ডগোল হয়। এ জন্যে নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।” তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের দেওয়াল লিখন মুছে ফেলা ও পোস্টার তুলে ফেলার নির্দেশ দেওয়া হবে বলে জানান এ কমিশনার। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে দেওয়াল লিখন ও পোস্টার লাগানোয় নিষেধাজ্ঞা আরোপ করে ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) বিল, ২০০১’ নামে একটি আইনের খসড়াও ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিলটি সংসদে পাস হওয়ার কথা রয়েছে। এতে বিধান লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও অর্থ অনাদায়ে সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যত্রতত্র পোস্টার লাগানো রোধে একটি অধ্যাদেশ প্রণয়নে খসড়া উপস্থাপন করে নির্বাচন কমিশন। এরই ধারাহিকতায় ২০০৮ সালের ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে তা নীতিগত অনুমোদন পায় বিলটি। বর্তমান সরকারের সময় গত ১১ জুলাই বিলটির খসড়া চূড়ান্তভাবে অনুমোদন পায়। গত নভেম্বরে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে ভাগ হয়। এই দুই সিটি করপোরেশনে ৯০ দিনের বদলে ১৮০ দিনের মধ্যে নির্বাচনের করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের এই সংশোধনী সংসদে পাস হলে আগামী মে মাসের মধ্যে ঢাকায় নির্বাচন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/জেকে/১৮১৪ ঘ.