২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটি দুটি বাড়লো, বাদ পড়লেন অলি

নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আব্দুল ওয়াদুদ এবং রেলপথে মতিউর রহমান। অলি আহমদের বদলে পরিকল্পনায় সভাপতি হয়েছেন আওয়ামী লীগের এ এইচ এন আশিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত রেলপথ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে অলি আহমদকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আব্দুল ওয়াদুদ এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান। মঙ্গলবারের সংসদ অধিবেশনে এই দুটি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয় হওয়ার আগে রেল বিভাগ ছিল যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ছিল বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। দুই মাস আগে যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে আলাদা রেলপথ মন্ত্রণালয় এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান সুরঞ্জিত সেনগুপ্ত; তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হন সৈয়দ আবুল হোসেন। রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিউর রহমাম ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ রাজশাহী-৫ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে এলডিপি সভাপতি অলি আহমদকে বাদ দিয়ে নতুন সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য এ এইচ এন আশিকুর রহমানকে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এক সময় মহাজোটে থাকলেও দলটি এখন বিএনপির সঙ্গে ভিড়েছে। এদিকে ফজলে রাব্বী মিয়ার পরিবর্তে আলী আশরাফকে সরকারি প্রতিশ্র“তি কমিটির সভাপতি করা হয়েছে। অনুমিত হিসাব কমিটির সভাপতির দায়িত্বে এ এইচ এন আশিকুর রহমানের জায়গায় আসছেন ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ। আর ফজলে রাব্বী মিয়াকে করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, যে পদে আগে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আ ম ওবায়দুল মোক্তাদিরকে। ওবায়দুল কাদের মন্ত্রিত্ব পাওয়ায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এ কে এম রহমত উল্লাহ এবং শেখ মুজিবুর রহমানের পরিবর্তে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোস্তফা ফারুক মোহাম্মদ। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের নতুন পাঁচ সংসদ সদস্যের মধ্যে বেবী মওদুদ লাইব্রেরি কমিটি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ফজিলাতুন্নেসা বাপ্পী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বেগম ফজিলাতুন্নেসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। রেলপথ মন্ত্রণালয়ে সদস্য হিসেবে থাকছেন এ এ মারুফ সাকলাইন, শাহ আলম, আ ক ম বাহাউদ্দিন, মাজাহারুল হক প্রধান, তানভীর শাকিল জয়, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুর রহমান ও রেহানা আক্তার রানু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সদস্যরা হলেন- আসাদুজ্জামান নূর, জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল কায়সার, কে এম খালিদ, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) থেকে একজন এবং শরীয়তপুর-৩ উপনির্বাচনে জয়ী সংসদ সদস্যও এ কমিটিতে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪০ ঘ.