শরীয়তপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার তিনি শরীয়তপুরে বলেন, “চলতি বসন্তকালেই পদ্মা সেতু নিয়ে সংশয়ের সব কালো মেঘ কেটে যাবে। আবার চলতি বছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।”
পদ্মার দক্ষিণ পাড়ের ল্যান্ডিং পয়েন্ট পরিদর্শন করতে এসে তিনি শরীয়তপুরের জাজিরা পয়েন্টে দিয়ারা নাওডোবা আব্দুল লতিফ ফকির নিউ কমিউিনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
দুই মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সব পাওনা পরিশোধ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
এই সেতু নির্মাণে তিনি সবার সহযোগিতা চান।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু জাতীয় স্বার্থ। এটা নিয়ে রাজনীতি করবেন না। এই সেতু শুধু আওয়ামী লীগ বা মহজোটের নয়, দলমত নির্বিশেষে দেশের সবার।
ওবায়দুল কাদের আরো বলেন, কাউকে ক্ষতিগ্রস্ত করে, কাউকে নিঃস্ব করে পদ্মা সেতু নির্মাণ করা হবে না। কে করল কে করল না এসব বিষয় নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই।
পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন জনগণকে বাঁচানোর জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, বলেন যোগাযোগ মন্ত্রী
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নুরে আলম চৌধরী লিটন, সাগুপ্তা ইয়াসমিন এমিলি, জেলা পরিষদ প্রশাসক মাস্টার মজিবুর রহমান প্রমুখ
একইদিন মাদারীপুরে তিনি সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে অনেক প্রকল্প চলছে। তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই।”
যোগাযোগমন্ত্রী শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা সেতুর কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে।
গত বছরের সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিতের ঘোষণার পর বহুপ্রতীক্ষিত এই সেতু নির্মাণের কাজ আটকে যায়। এরপর গত সপ্তাহে এই সেতু নির্মাণে মালয়শিয়া আগ্রহ দেখালে সরকারও তাতে সাড়া দেয়।
কাদের জানান, আগামী ২১ ফেব্র“য়ারি মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের অর্থ সহায়তার বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24