চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের গাড়ি ভাংচুর মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৭ মার্চ নতুন তারিখ রেখেছে আদালত।
সাকা চৌধুরী নামে পরিচিত এই সংসদ সদস্যকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে হাজির করা হয়। এরপর তার আইনজীবীরা হাইকোর্টের দেওয়া জামিনের নথি আদালতে উপস্থাপন করেন।
আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত জামিননামা গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য নতুন তারিখ দেন।
এ মামলার শুনানির জন্য গত শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় সাকা চৌধুরীকে।
২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থান অবরোধ করে একটি লরি, কভার্ড ভ্যান ও ট্রাক ভাংচুর করে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করে।
সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘হয়রানি করার প্রতিবাদে’ তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশ সে সময় জানিয়েছিল।
ঘটনার পরদিন পুলিশ সাকা চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলা দুটিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী পরে উচ্চ আদালত থেকে এ মামলায় জামিন পেলেও একাত্তরে যুদ্ধাপরাধের মামলাসহ আরো বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন তিনি।
তার আইনজীবী ও সাবেক জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়ি ভাংচুরের দ্বিতীয় মামলায় আগামী ১৪ ফেব্র“য়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩৩০ ঘ.
bdnews24