চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ মামলার আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীকে সীতাকুণ্ডের গাড়ি ভাংচুর মামলায় হাজির করতে চট্টগ্রামে আনা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
আগামি ৬ ফেব্র“য়ারি (সোমবার) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন রয়েছে।
২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থান অবরোধ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি লরি, কভার্ড ভ্যান ও ট্রাকে ভাংচুর চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করে।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘কথিত’ হয়রানির প্রতিবাদে তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশ তখন জানিয়েছিল।
ঘটনার পরদিন পুলিশ বাদি হয়ে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলা দুটিতে তার বিরুদ্ধে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়।
সালাউদ্দিনের আইনজীবী ও সাবেক জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ ফেব্র“য়ারি একটি মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে।
অপর মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ১৪ ফেব্র“য়ারি।
আইনজীবী এনাম জানান, দুটি মামলাতেই সালাউদ্দিনকে আদালতে হাজির করতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নির্দেশ দিয়েছিলেন।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিনের বিরুদ্ধে ঢাকায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/২০২৮ ঘ.
bdnews24