ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতাকে ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা’ বাদ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কিছু করা ঠিক হবে না, যা তার নিজের জন্য ভালো নয়।
শনিবার দুপুরে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিরোধীদলীয় নেত্রীকে বলবো, জনগণের ওপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। এমন কিছু করতে যাবেন না- যা আপনার জন্য ভালো হবে না।”
‘বিধ্বংসী চিন্তা’ বাদ দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে ‘জনগণের কাতারে’ নেমে আসারও আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচাতে যাবেন না। বাংলার মানুষ তা গ্রহণ করবে না। তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। এটা বন্ধ করতে পারবেন না।”
“বিরোধীদলীয় নেত্রীকে বলবো, অনেক কষ্টে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র নষ্ট হয়।”
ছাত্রলীগের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হওয়াসহ সা¤প্রতিক বেশ কয়েকটি ঘটনায় সামালোচনার মুখে থাকা ছাত্রলীগের ‘চরিত্র বদলানোরও’ পরামর্শ দেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্রলীগকে বলবো- চরিত্র বদলাতে হবে। আদর্শ অনুসরণ করতে হবে। রাজনীতি করতে হবে। পড়ালেখা করতে হবে।”
একইসঙ্গে ‘সুযোগসন্ধানীদের’ বিষয়েও ছাত্রলীগ নেতৃত্বকে সজাগ থাকতে বলেন শেখ হাসিনা।
“কিছু কিছু লোক থাকে- সব সময় গভার্নমেন্ট পার্টি। তারা মনে করে- যে সরকারই আসুক না কেন, তাদের কিছু হবে না। আমার সঙ্গে সেটা চলবে না। সুযোগসন্ধানীদের এনে দল ভারি করার দরকার নেই। এজন্য ছাত্রলীগকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের পর সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে উত্তোরীয় ও শাল পড়িয়ে দেওয়া হয়। এরপর, ছাত্রলীগের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ সভনেত্রীর হাতে ক্রেস্ট তুলে দেয়।
‘
পাঁচ জনের মৃত্যুর দায় কে নেবে’
বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক আন্দোলন করবেন। ঠিক আছে। কিন্তু, মানুষ মারবেন কেন? গাড়ি পোড়াবেন কেন? যে পাঁচ জন মারা গেছে- তার দায় কে নেবে?”
গত ২৯ ও ৩০ জানুয়ারি বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের তিন জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে পাঁচ জন নিহত। এই মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী ইতিমধ্যে পরস্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এলে কোলে তুলে ক্ষমতায় বসাবে সেই আশা করার দরকার নাই।”
২০১১ সালের মাঝামাঝি এ সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপি বলেছে, এ ব্যবস্থা ছাড়া তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।
নির্বাচন কমিশন গঠনের জন্য ‘সার্চ কমিটি’ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় থাকলেও নির্বাচন কমিশন গঠন করতে যাইনি। আমরাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দৃষ্টান্ত স্থাপন করলাম।”
চলতি মাসের মাঝামাঝি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের সার্চ কমিটির মাধ্যমে কমিশন পুনর্গঠন করছেন রাষ্ট্রপতি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর এ কমিটি করেন তিনি।
‘
রাজনীতিও করতে হবে’
ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ছাত্র রাজনীতি ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে না। আমরাও ছাত্র রাজনীতি করেছি।”
“তবে, সেই রাজনীতি হতে হবে ত্যাগের, আদর্শের ও দেশপ্রেমের। কিন্তু, রাজনীতি যদি আখেড় গোছানোর জন্য হয়- সে রাজনীতি দেশকে কিছু দিতে পারে না।”
ছাত্রলীগ নেতা-কর্মীদের লেখাপড়া করার পরামর্শ দিয়ে হাসিনা বলেন, “শিক্ষাই হচ্ছে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার।”
“আমি ছাত্রদের হাতে যেমন বই তুলে দিয়েছি। তেমন, বলবো রাজনীতিও করতে হবে।”
রাজনীতিতে সততার গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, “সততা থাকলে মাথা উঁচু করে কথা বলা যায়। যে নেতৃত্ব সততার সঙ্গে জীবন চালাতে পারে, সে নেতৃত্ব দেশকে কিছু দিতে পারে।”
“সততার জোর থাকলে, কঠিন সময়েও নেতৃত্ব দিতে পারবে।”
গণতন্ত্রের অগ্রযাত্রায় কেউ যেন বাধা দিতে না পারে সেজন্য ছাত্র সমাজকে সজাগ ও সতর্ক থাকারও আহ্বান জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ তার সাবেক সংগঠনের নেতাদের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, “ছাত্রলীগের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। আমাদের অগ্রযাত্রা ছাত্রলীগের কর্মকাণ্ড দিয়ে যেন ম্লান না হয়- সেদিকে খেয়াল রাখতে হবে।”
শেখ হাসিনার নেতৃত্বে ‘দ্রুত কাজ শেষ করার’ অনুরোধ জানিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে হবে। এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”
ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, “ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সরকারের অর্জনগুলো অচিরেই দৃশ্যমান হবে।”
ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ
সম্পাদকদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আব্দুল মান্নান, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাহে আলম, বাহাদুর বেপারী বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/পিডি/১৮৫৩ ঘ.
bdnews24