২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হোসেনের কণ্ঠে বিদায়ের সুর

চার বার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন জনপ্রতিনিধি খুঁজতে বলেছেন সাবেক যোগাযোগমন্ত্রী। (ভিডিও সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতি ছাড়ার সুর শোনা গেল বহুল আলোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কণ্ঠে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলনের দিন বৃহস্পতিবারই মাদারীপুরে এক অনুষ্ঠানে এই নিয়ে সমালোচনার মুখে থাকা আবুল হোসেন এলাকাবাসীকে নতুন জনপ্রতিনিধি খুঁজে নিতে বললেন। বিকালে কালকিনি উপজেলার ডাসার এলাকার শেখ হাসিনা একাডেমী এ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকার মানুষের প্রতি এই আহ্বান জানান। সংসদের ওই আসন থেকে তিনি এই নিয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হাসিনার গত সরকারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর এবার যোগাযোগ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি এবং বেহাল মহাসড়ক নিয়ে ব্যাপক সমালোচনায় পড়তে হয় আওয়ামী লীগের এই নেতাকে। বৃহস্পতিবার সকালেই দুর্নীতি দমন কমিশন জানায়, পদ্মা সেতু প্রকল্পে কাজ পাইয়ে দিতে আবুল হোসেনের অর্থ নেওয়ার অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এক সপ্তাহ আগে তিনি এক সাক্ষাৎকারেও বলেছিলেন, তদন্তেই তার নির্দোষিতা প্রমাণিত হবে। আবুল হোসেন এলাকাবাসীর উদ্দেশে বলেন, “আমাকে আপনারা চার বার সংসদ সদস্য নির্বাচিত করে উন্নয়নের সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। প্রিয় এলাকাবাসী, আমি আশা করি, এখন এলাকায় অনেক সুশিক্ষিত, যোগ্য নেতা তৈরি হয়েছে। তাদের ভেতর থেকে নতুন নেতা আপনারা খুঁজে পাবেন। নতুনের নেতৃত্বে নতুন নতুন উন্নয়ন কাজের প্রয়াস সৃষ্টি হবে।” জরুরি অবস্থার সময় মানসিক পীড়ণের মধ্যে থাকার কথা তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে কেঁদেও ফেলেন এই মন্ত্রী। “ওয়ান ইলেভেনের সময় যে মানসিক নির্যাতনের শিকার হয়েছি, তাতে যে আবার আপনাদের মাঝে সুস্থ ভাবে ফিরে আসব সেটা ভাবতে পারিনি,” বলেন তিনি। যোগাযোগমন্ত্রী হিসেবে সমালোচিত আবুল হোসেন দাবি করেন, তার তিন বছরে তিনি যে কাজ করেছেন তা অন্য কোনো মন্ত্রী ১০ বছরেও করতে পারবে না। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর ওপর সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এ সরকারের আমলেই হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন তিনি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আবুল হোসেন। অনুষ্ঠান শেষে এই মন্ত্রণালয়ের কাজের বিষয়ে সাংবাতিদকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজ ও ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ‘এ-প্লাস’ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক নুর-উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, আওয়ামী লীগ নেতা তাহমিনা সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ডাসার ইউনিয়ন পরিষদে স্থাপিত পুলিশ তদন্ত কেন্দ্র ও শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাস উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০৫০ ঘ.