২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেওয়া হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের অর্থ দেশের বাইরে পাচার করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের অর্থ দেশের বাইরে পাচার করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেওয়া হবে না। জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, “জনগণের টাকা দেশের বাইরে নিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাবে, তা হতে দেব না।” একই সঙ্গে, ‘মূল বিরোধী দল’ যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করবে না বলে তিনি আশা প্রকাশ করেন। সংসদ সদস্য রাশেদ খান মেনন এক সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশের অর্থ বিদেশে পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করছে- তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে কি না। সাধারণত আমেরিকায় কারো পক্ষে কাজ করাতে লবিস্ট নিয়োগ করা হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সমস্ত কাগজপত্র আমাদের হাতে এসেছে। আমরা তদন্ত করছি। আমরা তথ্য পেয়েছি- কোন কোম্পানিকে হায়ার করা হয়েছে। আমরা কাজ করছি। দেশ থেকে টাকা পাচার করা হীন অপরাধ। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।” বিরোধী দল যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না- বেনজির আহমদের এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে তৎপর। আমরা তাদের তৎপরতায় অবাক হয়ে গেছি।” “বিরোধী দল যুদ্ধাপরাধীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছে। এটা জাতির জন্য লজ্জাজনক। কী করলে তা যুদ্ধাপরাধীদের পক্ষে যাবে, তা বিরোধীদলীয় নেতা ভালো করেই জানেন।” যুদ্ধাপরাধীদের বিচারের দেশবাসীর সহায়তা চেয়ে শেখ হাসিনা বলেন, “বিরোধী দল যেনো যুদ্ধাপরাধীদের পক্ষ না নেয়, সেজন্য দেশবাসীর উচিত তাদের ওপর চাপ প্রয়োগ করা। আমি আশা করি, মূল বিরোধী দল যুদ্ধাপরাধীদের সঙ্গে থাকবে না।” বেনজীর আহমেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে হাসিনা বলেন, নির্বাচনী ওয়াদা মোতাবেক একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এই বিচার কাজ স্বাভাবিক গতিতে বেগবানও রয়েছে। ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক আরো একটি অতিরিক্ত বেঞ্চ গঠনের কাজও দ্রুত সম্পন্ন হচ্ছে। “যুদ্ধাপরাধের বিচার কাজে যারা, যেখানে এবং যেভাবেই বাধা দিক না কেন, আমাদের পিছু হটার কোনো কারণ নেই। এদেশের প্রচলিত আইনেই সব বাধাদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হচ্ছে।” তিনি বলেন, মূলত বিচার কাজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধাদানকারীরাই গত বছরের ১৮ ডিসেম্বর ভোর ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে আকস্মিক নৈরাজ্যকর তাণ্ডব চালায়। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের পাঁচ নেতা এবং বিএনপির দুই নেতা আটক রয়ছেন। দুটি দলই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/২০৩২ ঘ.