২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ করেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান। তিনি বলেন, তদন্তে গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, হত্যায় উস্কানি, ষড়যন্ত্র ও মানবতাবিরোধী অপরাধের প্ররোচনা দেয়ার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মিলেছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি ও পাকিস্তানি সেনাদের সহায়তার অভিযোগ আনা হয়। আগের দিন এ মামলায় গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা কমিয়ে ১২ জন নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল। আগামী ১৪ অক্টোবরের মধ্যে ওই ১২ জন সাক্ষীর নামের তালিকা জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়। মামলায় গোলাম আযমের পক্ষে আসামিপক্ষের আইনজীবীরা ২ হাজার ৯৩৯ জন সাফাই সাক্ষীর তালিকা জমা দিলে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীর সংখ্যা কমিয়ে আনার আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একাত্তরে জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে ১২ জন সাক্ষী ঠিক করে দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/১৭৫২ ঘ.