সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের পর এবার সিলেটেও জাপা দলীয় সাংসদ এইচ এম রেজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দলের এক নেতা।
বুধবার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
মামলায় দেড়শ’ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী কাজী আশরাফ উদ্দিন।
মামলায় সাংসদ এইচ এম গোলাম রেজা ছাড়াও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন ও মুদ্রাকর মুহিবুল আহসানকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, গত ৩ অক্টোবর দৈনিক ইত্তেফাকে রেজার বরাত দিয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব তথ্যে তার নেতার অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে এর আগে চট্টগ্রামেও সাংসদ এইচ এম গোলাম রেজা বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন দলের এক নেতা।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেজাকে গত শনিবার দল থেকে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩২ ঘ.
bdnews24