২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ঢিলেঢালা হরতাল

পুলিশের লাঠিপেটার প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে অর্ধদিবস হরতাল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাইবান্ধা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের লাঠিপেটার প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে অর্ধদিবস হরতাল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢিলেঢালাভাবে হরতাল চলাকালে পিকেটিং করার সময় পুলিশ আবু রায়হান নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এদিকে সোমবারের ঘটনায় পুলিশ গ্রেপ্তার ২০ জনসহ দেড়শ’ জনের বিরুদ্ধে সদর থানায় দু’টি মামলা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার শহরে বিএনপি-জামাতসহ ১৮ দলের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। হরতাল চলাকালে শহরের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, ব্যাংক-বীমা ও অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট পাট বন্ধ ছিল। শহরে কিছু রিকশা ও ভ্যান চলাচল করলেও দূরপাল্লার কিংবা আঞ্চলিক রুটে কোনো বাস চলাচল করেনি। তবে ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে গেছে। সকাল সাড়ে ৬টার দিকে বাস টার্মিনালে বিআরটিসি, আল-হামরা ও হানিফ পরিবহনের তিনটি বাস ভাংচুর করেছে পিকেটাররা। সার্কুলার রোডে বিএনপি কার্যালয়ের সামনে এবং শহরের প্রায় প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে শহরে ১৮ দলের নেতাকর্মীরা কোনো মিছিল বা পিকেটিং করতে পারেনি। উপশহর ব্রিজরোড এলাকায় ছাত্র শিবিরকর্মীরা এবং খানকাশরীফ এলাকায় বিএনপি-জামাত মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। হরতাল চলাকালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কোর্ট চত্বরে মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান, সেকেন্দার আযম আনাম, মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, শাহনাজ খাতুন, আব্দুর রশিদ প্রমুখ। সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, শহরের ডিবি রোডের পূবালী হোটেলের সামনে পিকেটিং করার সময় আবু রায়হান নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরো বলেন, সোমবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২০ জনসহ দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা দায়ের করেছে। এদিকে জেলা বিএনপি সভাপতি আনিসুজ্জামান খান বাবু এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল পালন করায় শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১২ ঘ.