ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা রহস্য উদঘাটনে নেয়া সময় শেষ হওয়ার আগের দিন সাংবাদিকদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তবে এখন পর্যন্ত এই হত্যারহস্যের কোনো সুরাহা হয়নি।
আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ওই হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে ধরার জন্য পুলিশকে নির্দেশ দিলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীর আশা প্রকাশ করেন, ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতির হত্যারহস্য উদঘাটন করা সম্ভব হবে।
এরই মধ্যে সাংবাদিক নেতারা ঘোষণা দিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যে এ হত্যা রহস্যের কিনারা না হলে গণ তদন্ত দল ও গণ আদালত প্রতিষ্ঠা করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24