২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধান থাকুন: প্রধানমন্ত্রী

রামুর মতো ঘটনা আবার ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কক্সবাজারের কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ শেখ হাসিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধদের ওপর যে হামলা হয়েছে, সেই ধরনের ঘটনা আবার ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো চেষ্টা ঠেকাতে কক্সবাজারের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে নিয়ে কমিটি গঠনের পরামর্শও দেন তিনি। রামুতে বৌদ্ধ বসতিতে উগ্রপন্থীদের হামলার এক সপ্তাহ পর সোমবার কক্সবাজার যান প্রধানমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী ডাক বাংলোয় জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ঈদুল আজহা ও দুর্গাপূজার আগে বৌদ্ধ বিহারের হামলার মতো সাম্প্রদায়িক সন্ত্রাস যেন না ঘটে, সেজন্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আগামীতে আপনাদের সতর্ক থাকতে হবে।” সব ধর্মের মানুষদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনের উদ্যোগ নিতে প্রশাসনিক কর্মকর্তাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সামনে অনেক খেলা হতে পারে।” গত ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহারের হামলা পরিকল্পিতভাবেই হয়েছিল- এই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের ঘটনা অনভিপ্রেত। এই ঘটনা আমাদের ধর্মের বাইরে।” যারা এখনো রামুর বৌদ্ধদের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সিরাজুল হক খান, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্র ২৯ সেপ্টেম্বরের ঘটনা এবং প্রশসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলায় নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী প্রধানমন্ত্রীকে বলেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪০ ঘ.