২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন আরো পেছাল

হাই কোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানোয় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচন আরো তিন মাস পিছিয়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 09:41 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানোয় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচন আরো তিন মাস পিছিয়ে গেল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। বহু আলোচিত এ নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ এ নিয়ে দ্বিতীয় দফা বাড়ানো হলো। গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। এরপর গত ২৩ জুলাই ওই স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৬ অক্টোবর। আদালতের নতুন আদেশের ফলে এর মেয়াদ ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২৪ মে ভোট হওয়ার কথা ছিল। গত এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে। একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত। এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিব, ঢাকার জেলা নির্বাচনী কর্মকর্তা, দুই রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে ওই রুলের বিবাদী করা হয়। রিটকারী প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সোমবার আদালতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তিনি বলেন, যে সব কারণে আদালত আগে এ নির্বাচন স্থগিত করেছিল, সেগুলো এখনো দূর হয়নি। শুনানি শেষে আদালত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো মোখলেসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৩০ ঘ.