২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন সাংসদ সিমিন হোসেন রিমি

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। স্পিকার আবদুল হামিদ রোববার নিজের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ সাগুফতা ইয়াসমীন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিমিন হোসেনের মা জোহরা তাজউদ্দিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ৬৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, যিনি আগের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজেরই বড় বোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিমির চাচা আফসার উদ্দিন আহমদ খান পান ২৬ হাজার ৩৪৯ ভোট। তানজিম পদত্যাগ করলে সংসদের এই আসনটি শূন্য হয়। অন্যদের মধ্যে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিমিন হোসেনের পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৭০৩ ঘ.