ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের কথিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে তার ব্যক্তিগত সহকারীর গাড়ি চালকের দেওয়া বক্তব্য ‘সঠিক’ বলে মনে করে বিএনপি।
শনিবার সুরঞ্জিতের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইতে এক জনসভায় তিনি দাবি করেন অর্থ কেলেঙ্কারির ঘটনা তার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।
এ প্রসঙ্গ টেনে রোববার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “একজন গাড়িচালক সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের টাকা নিয়ে এতো বড় মিথ্যা অভিযোগ করতে পারে না। এটা সাধারণ জনগণ বিশ্বাস করে না। কারো কাছেই তা গ্রহণযোগ্য নয়।”
গত ৯ এপ্রিল রাতে ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত।
ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর গত বৃহস্পতিবার আরটিভির প্রতিবেদনে ‘হাজির হন’ আজম।
তিনি দাবি করেন, সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক পিলখানায় যে অর্থসহ আটক হয়েছিলেন তার উৎস ছিল রেলের ‘নিয়োগ বাণিজ্য’। ওই টাকা সাবেক মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর সময়ই ফারুক ‘আটক হন’।
‘রেলের অর্থ কেলেঙ্কারি’ ছাড়াও ক্ষমতাসীনরা হলমার্ক, পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম মিয়া।
সাম্প্রদায়িক হামলার ঘটনায় ক্ষমতাসীন দলই দায়ী অভিযোগ করে রফিকুল বলেন, “সরকারকে বলব এ ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এই হীন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষমতাসীনরা নানা রকম অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে তা ফুটে উঠেছে।”
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ারও আহ্বান জানান রফিকুল।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।
এদিকে একই স্থানে স্বদেশ মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক সাম্প্রদায়িক হামলার জন্য সরকারকে দায়ী করেন।
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের ছেলের টেলিকম ব্যবসার অর্থের উৎসও জানতে চান তিনি।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪২৫ ঘ.
bdnews24