২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা দিলে পরিণতি ভয়াবহ: খালেদা

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই আন্দোলনে বাধা দিলে পরিণতি ভালো হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

হবিগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই আন্দোলনে বাধা দিলে পরিণতি ভালো হবে না। শনিবার বিকালে হবিগঞ্জে ১৮ দলীয় জোটের জনসভা তিনি এ কথা বলেন। খালেদা বলেন, “আজ বিশ্বচোর ও বিশ্ববেহায়া এক হয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। সামনে ঈদের পর আমরা নির্ভয়ে- নির্বিঘেœ আন্দোলন শুরু করব। সরকার বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ ও কঠিন।” সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইনশাল্লাহ আন্দোলনে রাজপথে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।” নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণে জনমত গঠনের অংশ হিসেবে হবিগঞ্জে এই জনসভা করেন বিরোধী দলীয় নেতা। এর আগে গত ২৩ সেপ্টেম্বর দিনাজপুরের গোর-ই-শহীদ ময়দানে জনসভা করেছিলেন তিনি। সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জের পৌরসভা মাঠে খালেদা জিয়া জনসভা করেছিলেন। শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জনসভাস্থল ছিল কানায় কানায় পূর্ণ। বিকাল পৌনে ৪টা ৫৫ মিনিট থেকে শুরু হওয়া ৪৫ মিনিট স্থায়ী বক্তব্যে বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, পদ্মাসেতু প্রকল্প, বৌদ্ধ বিহারে হামলাসহ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবির যৌক্তিকতা তুলে ধরে খালেদা বলেন, “আওয়ামী লীগের অধীনে এ যাবৎকালে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা মনে করি। সরকারকে বলব, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে।” বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। বিরোধী দলীয় নেতা বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা আওয়ামী লীগের সুরে কথা বলে। তাই এই আজ্ঞাবহ কমিশনের অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু হতে পারে না।” বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেয়াই বর্তমান দুর্নীতি দমন কমিশনের কাজ বলে অভিযোগ করেন খালেদা জিয়া। দুদকের কর্মকা- তুলে ধরে তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে- কুমীর, রাঘব- বোয়াল ও তিমি মাছ ধরা। কিন্তু তা না করে তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। সরকারি দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।” দুদককে হুঁশিয়ার করে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “এভাবে দুর্নীতিবাজকে ধরা না হলে ভবিষ্যতে দুদককে ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।” জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুক, সাংসদ শেখ সুজাত মিয়া, শাম্মী আখতার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মুখলেছুর রহমান, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত আজাদসহ প্রমুখ নেতারাও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮৪৯ ঘ.