২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি রেজাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাকে বহিষ্কার করেছেন বলে শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, পার্টির শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে দেয়া কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় পার্টি চেয়ারম্যান তাকে বহিষ্কার করেছেন। বৃহস্পতিবার গোলাম রেজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে কেন অব্যাহতি দেওয়া হবে না- তা জানতে চেয়ে দলের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়। ৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তাকে নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছিল। এর আগে গত ২ অক্টোবর রেজাকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপ এবং সভাপতিমণ্ডলীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সভপাতিণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুকে পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেয়া হয়। রেজার বিরুদ্ধে জীবনবৃত্তান্তসহ বিভিন্ন স্থানে মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পার্টির মনোনয়ন নেয়ার অভিযোগ রয়েছে। দলের সভাপতিম-লীর সদস্য তাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবনবৃত্তান্তে রেজা নিজেকে এইচএসসি পাস বলে দাবি করলেও আসলে তিনি নবম শ্রেণী পাস। জাতীয় সংসদেও তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। “রেজা খুনের মামলার আসামি হিসাবে পালিয়ে কুয়েতে শ্রমিক হিসাবে কাজ করেছেন, অথচ নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।” এ বিষয়ে গোলাম রেজার প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যস্ত আছেন বলে জানান। তিনি বলেন, “আমার প্রতিষ্ঠানগুলোতে লুটপাট শুরু হয়েছে। আমি খুব ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএএইচ/এএল/১৭৪৪ ঘ.