ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর মামলায় জিজ্ঞাসাবাদ শেষে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ২২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার ঢাকার মহানগর হাকিম মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দুইদিন রিমান্ড শেষে আলালসহ ২২ নেতাকর্মীকে দুপুরে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাদের জামিন আবেদন জানালে বিচারক তা নাকচ করেন।
গত বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের দুই মামলার একটিতে আলালকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
১৮ দলীয় জোটের সভা সামনে রেখে মঙ্গলবার নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন। আগুন দেওয়া হয় ১৮ দলের সভামঞ্চে।
এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়।
সংঘর্ষের ঘটনায় রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/পিবি/আরএ/১৬৩৭ ঘ.
bdnews24