ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুসহ চট্টগ্রামের পটিয়ায় হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে বৌদ্ধ স¤প্রদায়কে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বাংলাদেশের বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করার পাশাপাশি সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলা হয়।
ওই ঘটনায় নিজেদের তদন্তে পাওয়া তথ্য জানাতে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুদ্ধানন্দ মহাথেরো ও অশোক বড়–য়ার নেতৃত্বে বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির প্রতিনিধি দলটি।
বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির সদস্য সচিব অশোক ওই ঘটনায় তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। সুরক্ষা কমিটির পাঁচ সদস্যের একটি দল ঘটনার তদন্ত করেছে।
তদন্তে এই ঘটনার তিনটি কারণ খুঁজে পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রীকে জানান কমিটির নেতা সাবেক উপমহা পুলিশ পরিদর্শক কর্মকর্তা পি আর বড়–য়া।
তা হল- রোহিঙ্গা ইস্যুটিতে ঘোলাটে করা, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা।
তদন্ত কমিটির পর্যবেক্ষণ সম্পর্কে অশোক বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।”
“একজন ব্যক্তিকে দোষারোপ করে পুরো সম্প্রদায়ের ওপর হামলা বৌদ্ধদের মূল্যবোধের ওপর চরম আঘাত হেনেছে,” যোগ করেন তিনি।
কক্সবাজারের স্থানীয় প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন অশোক। তিনি বলেন, স্থানীয় প্রশাসন সময়মতো তৎপর হলে অন্তত সীমা বিহারসহ অধিকাংশ বিহার ও বসতি রক্ষা করা যেত।
“রামু থানার ওসিসহ বিভিন্ন ব্যক্তির রহস্যজনক ভূমিকা খতিয়ে দেখা উচিত,” বলেন অশোক বড়–য়া।
রামুতে হামলা ঠেকাতে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না- তা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চার সদস্যের একটি কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় রামু থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার সময় ছোড়ার জন্য একই ধরনের সিমেন্টের ব্লক ব্যবহার করা হয়েছিল। তার একটি ব্লক প্রধানমন্ত্রীকে দেখান বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির নেতা।
অশোক বলেন, “এটাই প্রমাণ করে এই ঘটনা পরিকল্পিত।”
এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে সন্দেহ পোষণ করে পি আর বড়–য়া বলেন, “দক্ষিণ চট্টগ্রামে মৌলবাদীরা সক্রিয়। ওই এলাকায় জামায়াতের সংসদ সদস্য ও হিযবুত তাহরীর জড়িত বলে সন্দেহ করছি। এই ঘটনায় রোহিঙ্গাদের ব্যবহার করা হয়েছে।”
বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনাতে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আগামী ঈদুল আজহা, দুর্গাপূজাসহ বৌদ্ধ স¤প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের আগে সব ধর্মের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “তারা যে খেলা শুরু করেছে, তা তারা অনেকভাবেই করবে। তারা এই নোংরা খেলা খেলবেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
হামলার জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “জড়িতদের গ্রেপ্তার করা, ব্যবস্থা নেয়া- এটা আমরা করবই, ব্যবস্থা নেবই। যারা তা ঘটিয়েছে, তাদের ছাড়ব না।”
বৌদ্ধ প্রতিনিধিদলের সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এটা করা হয়েছে।
“রোহিঙ্গারা যেখানে যাচ্ছে, সেখানেই সমস্যার সৃষ্টি করছে,” যোগ করেন তিনি।
ধর্মীয় জঙ্গিবাদীদের মোকাবেলায় সরকার সচেষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা পার্বত্য চট্টগ্রামে মৌলবাদীদের প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ করেছিলাম।
“লাদেনের ট্রেনিং ক্যাম্প ছিল, তার লোকজন এসে ট্রেনিং দিত। আফগানিস্তান থেকে জালালউদ্দিন নামের একজন এসে ট্রেনিং করিয়ে যেত।”
“আমাদের আগে কেউ এদের খোঁজও করেনি। আমরা অপারেশন চালিয়ে এদের অ্যারেস্ট করি,” বলেন শেখ হাসিনা।
সবাইকে সহনশীল থাকার পরামর্শ দিয়ে ফেইসবুককে গুরুত্ব না দিতেও বলেন প্রধানমন্ত্রী।
“ফেইসবুক তো একটা ছুতা। যারা হামলা করেছে- তারা আগে থেকে তৈরি হয়েই ছিল।”
ফেইসবুকের সেই পোস্ট কোন সার্ভার ব্যবহার করে আপলোড করা হয়েছিল, তা খুঁজে বের করা হবে বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে দেয়া বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির লিখিত বক্তব্যে উত্তম কুমারের বাড়িতে হামলা না হওয়ার বিষয়টি তুলে ধরে তা ‘রহস্যজনক’ বলে উল্লেখ করা হয়।
উত্তমের ফেইসবুক পাতায় শেয়ার করা একটি ছবি নিয়েই এই হামলা হয় বলে স্থানীয়রা জানায়।
প্রতিনিধি দলে প্রজ্ঞানন্দ মহাথেরো, বৌদ্ধপ্রিয় মহাথেরো, ধর্মানন্দ মহাথেরো এবং বৌদ্ধানন্দ মহাথেরো ছিলেন। হামলার পর কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর ত্বরিত নির্দেশে সন্তোষ প্রকাশ করেন বৌদ্ধ নেতারা।
শুদ্ধানন্দ মহাথেরো শুরুতেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনি যে দেশের বাইরে থেকেও নির্দেশ দিয়েছেন- সে জন্য আমরা অভিভূত।”
“যা হওয়ার তা হয়ে গেছে। বৌদ্ধ সমাজ আপনার আহ্বানে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত,” যোগ করেন ধর্মগুরু।
শুদ্ধানন্দ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, “আমরা বেঁচে আছি। তবে, আমাদের ক্ষয়-ক্ষতি অফুরন্ত। আমরা আপনার, সরকার ও দেশবাসীর সহযোগিতা চাই।”
হামলায় ক্ষতিগ্রস্ত উপাসনালয় পুনর্র্নিমাণ করা হবে বলে প্রধানমন্ত্রী বৌদ্ধ স¤প্রদায়ের প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তার আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক লাখ থেকে দু’লাখ টাকা দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল, টিন ও নগদ টাকা ছাড়াও শিক্ষার্থীদের পুস্তক দেওয়া হবে।
পি আর বড়–য়া বলেন, “হামলার সময় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন যা সাহায্য পেয়েছে তা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে। তারা বহিরাগত হামলাকারীদের প্রতিহতের চেষ্টা করেছিলেন।”
বৌদ্ধ সম্প্রদায়ের এই সাক্ষাৎ অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24