ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি দাবি ও নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাতী যুবদল।
শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ অক্টোবর দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ-মিছিল ও ৯ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ।
গত বুধবার দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর কাকরাইলের কাছ থেকে যুবদল সভাপতি আলালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সভাপতি আলালের মুক্তির দাবি এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর ও সহ-সাংগঠনিক সম্পাদক এসএম জিলানীর নামে দায়ের করা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
এদিকে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলালের মুক্তির দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ বরিশাল জাতীয়তাবাদী ফোরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৭২৮ ঘ.
bdnews24