২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা যাচ্ছিল সুরঞ্জিতের বাড়িতে’

একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন ওমর ফারুকের গাড়ি চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক পিলখানায় যে অর্থসহ আটক হয়েছিলেন তার উৎস ছিল রেলের ‘নিয়োগ বাণিজ্য’। ওই টাকা সাবেক মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর সময়ই ফারুক ‘আটক হন’ বলে দাবি করেছেন তার গাড়ি চালক আজম খান। অবশ্য এ ধরনের অভিযোগকে ‘নতুন ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে আজমকে বলতে দেখা যায়, “আমার জানা মতে ফারুকের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রেলের জিএম-এর কন্ট্রাক্ট হয়েছে। গাড়িতে তারা আলাপ-আলোচনা করেছে রেলের নিয়োগের ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্তকে ১০ কোটি টাকা দেবে, আর সুরঞ্জিত সেনগুপ্তের ছয়শ লোক পার্সনালি ঢোকাতে হবে।” গত ৯ এপ্রিল রাতে ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এ ছাড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে বরখাস্ত করা হয়। ওই ঘটনার পর গণমাধ্যমের খবরে বলা হয়েছিল ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল। ইউসুফ ও এনামুল হক ওই গাড়িতে ছিলেন। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। দুর্নীতি দমন কমিশন ও রেল কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তলব করলেও তিনি হাজির হননি। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর আরটিভির প্রতিবেদনে হাজির হান আজম। কোথায় তার সাক্ষাৎকারটি নেয়া হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। আজম বলেন, “টাকা নিয়ে (ফারুক) সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল। ওইদিকে যাওয়ার সময়ই তো আমি ঘটনা ঘটিয়ে ফেলেছি। এর আগেও কয়েকবার টাকা গেছে।” তিনি দাবি করেন, ঘটনা ধামাচাপা দিতে ফারুক ৭৪ লাখ টাকা দেয়ার প্রস্তাব দিলেও তা নিতে তিনি অস্বীকার করেছিলেন। কাউকে চাকরি দেয়ার জন্য চাপ দিতে এ ঘটনা ঘটাননি বলেও দাবি করেন আজম। সেই রাতের ঘটনা বর্ণনায় আজম খান বলেন, “ধানমণ্ডির ৩ নং সড়কের ৫ নম্বর বাসা থেকে সুরঞ্জিত সেনের সাবেক এপিএস ফারুকের গাড়িতে করে টাকা নিয়ে বের হই। টাকা নিয়ে জিগাতলা যাওয়ার পথে বিডিআরের (বিজিবি) চার নম্বর গেট দিয়ে গাড়ি ঢুকিয়ে দেই। “টাকাসহ যখন গেটের ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছি তখন তারা আমাকে বলেছে তুমি কোথায় যাচ্ছো? তখন বললাম এগুলো তো দুর্নীতির টাকা, ঘুষের টাকা, রেলের নিয়োগের টাকা- এ টাকাসহ আপনাদেরকে আমি ধরিয়ে দেব। তখন আমি গাড়িটা ভেতরে ঢুকিয়েছি।” বিজিবি গেট খোলা পাওয়ায় গাড়ি ঢোকাতে কোনো সমস্যা হয়নি বলে উল্লেখ করেন আজম। তিনি বলেন, “তারা (বিজিবি) কোনো সিগন্যালও দেয়নি। আমিও দাঁড়াইনি। এই গাড়িটি এই দিক দিয়ে আসা-যাওয়া করে এজন্য তারা গাড়িটি চিনছে, তাই বেশি গুরুত্ব দেয়নি।” এক পর্যায়ে সাবেক মন্ত্রীর এপিএস ফারুক তাদের ‘ছেড়ে দেয়ার বিনিময়ে’ পুরো টাকাই দিয়ে দিতে চেয়েছিলেন বলে দাবি করেন আজম। “প্রথমে পাঁচ লাখ টাকা দেয়ার কথা বলে তারা বলে- ‘তুমি টাকা রেখে চলে যাও। আমাদেরকে তুমি গেটের বাইরে বের করে দাও’। রাজি হলাম না। তাপর বলে- ‘জিএম সাব আর এনামুলকে তুমি ছেড়ে দাও, যা টাকা আছে তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার’।” “তারপর বলে- ‘সম্পূর্ণ টাকা তোমাকে দেব, তুমি আমাদের ছেড়ে দাও’। আমি বললাম- ‘না’। তাহলে এখানে আমি নিজেই দুর্নীতি করছি বলে দেখা যায়। এটাতে আমি রাজি হইনি।” আরটিভিকে আজম বলেন, বিজিবি সদর দপ্তরে টাকাসহ গাড়ি ঢোকানো হয় রাতে। আর সকাল ১০টার দিকে গুণে ৭৪ লাখ টাকা পাওয়া গিয়েছিল। তিনি বলেন, “টাকা গোনার পরে ফারুক, এনামুল আর জিএম বাইরে থেকে আরেকজন ড্রাইভার আনে। ওই ড্রাইভারকে নিয়ে টাকাসহ তারা বেরিয়ে যায়।” আজম তার সাক্ষাৎকারে মেজর মশিউর রহমান নামে একজনের নাম উল্লেখ করেছেন, যিনি ওই ‘নিয়োগ বাণিজ্যে’ জড়িত বলে এই চালকের দাবি। “মেজর মশিউর রহমান আসলে এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। সে প্রায় তিন কোটি টাকা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত আছে। ফারুক সাহেবের মাধ্যমে তার কয়েকশ লোককে রেলে ঢোকানোর কথা। সে ফারুকের কাছে তিন কোটি টাকার চেকও হস্তান্তর করেছে।” এর আগে কখনো টাকা আনা-নেয়া করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আজম বলেন, প্রায়ই টাকা আনা- নেয়া হয়েছে, তবে সবার নাম তার মনে নেই। “আমি তো নিপেনদার বাসা থেকে প্রায়ই টাকা আনতাম। আরো সাব-রেজিস্ট্রার আছে, তাদের নামগুলো সঠিক খেয়াল হচ্ছে না। আমি তাদের দেখলে চিনব। ওদেরকে ভাল করে জিজ্ঞাসা করলে, তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।” বিজিবি দপ্তরে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসসহ অন্যরা ‘দোষ’ সরকারের ওপর চাপাতে চেয়েছিল বলেও দাবি করেন ফারুকের সাবেক গাড়ি চালক। তিনি বলেন, “ঘটনা করছে মন্ত্রী, এপিএস। রেলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে এদের কিছু সিন্ডিকেট আছে। কিন্তু এটাকে তারা পলিটিক্যালভাবে ভয় দেখাতে চায় যে সরকার এটার সাথে জড়িত আছে, যেন আমি এটা প্রকাশ না করি।” “আমি তো জানি, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী, আমি চাই এদেশে যেন কোনো দুর্নীতিবাজ ছাড় না পায়।” পলাতক জীবনের অবসান ঘটিয়ে সরকারকে সহযোগিতা করারও আগ্রহের কথা জানান আজম। এ বিষয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিক্রিয়া জানতে বেশ কয়েকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী কামরুল হক শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরঞ্জিত সেনগুপ্ত তার নির্বাচনী এলাকায় আছেন। পরে রাতে সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্ধৃত করে তিনি বলেন, “এ ধরনের মিথ্যাচার নতুন ষড়যন্ত্রের অংশ। যে ব্যক্তি ছয় মাস ধরে নিখোঁজ, যাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, এতদিন পর তিনি কোত্থেকে উদয় হলেন। সাম্প্রতিক হলমার্ক কেলেঙ্কারিসহ বিভিন্ন অর্থ কেলেঙ্কারি ধামাচাপা দিতেই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।” আগামী ১০ অক্টোবর ঢাকা ফিরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/এএল/জেকে/১৬৫৫ ঘ.