২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের পথে বিএনপির তদন্ত কমিটি

কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা তদন্তে কক্সবাজার রওনা দিয়েছেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা তদন্তে কক্সবাজার রওনা দিয়েছেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে সদস্যরা রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানে চট্টগ্রাম রওনা হন। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত ১ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে আহবায়ক করে ৮ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। মওদুদ আহমদ জানান, চট্টগ্রাম পৌঁছে সন্ধ্যায় সড়কপথে কক্সাবাজার যাবেন তারা। “বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা মনে করি, এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিৎ। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা উস্কানিদাতা তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। যাতে আগামীতে এ ধরণে ঘটনা না ঘটে।’’ মওদুদ জানান, শুক্রবার রামু ও উখিয়া এবং পরদিন টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতি এলাকা পরিদর্শন করবে কমিটি। সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হবে। গত ১ অক্টোবর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে আহবায়ক করে ৮ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২০২২ ঘ.