ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কক্সবাজার এবং চট্টগ্রামে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার বিকালে এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে।
সদ্যপ্রয়াত সাংবাদিক আতাউস সামাদ স্মরণে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, “গোটা দেশ আজ সংকটে নিমজ্জিত। কেবল তাই নয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যার চক্রান্ত চলছে।’’
গত ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদ। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
এই প্রবীণ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, “দেশের এই দুর্দিনে আতাউস সামাদের মতো সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের বড়ই প্রয়োজন ছিলো। এরকম ক্রান্তিকালে তার বিদায় আমাদেরকে শূন্যতায় ফেলে দিয়েছে।
‘‘যিনি সব সময় আমাদের সঠিক পথ দেখাতেন। সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’’
আতাউস সামাদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাংলা ও ইংরেজীতে সমভাবে পারদর্শী এই সাংবাদিক সারাটা জীবন সততার সঙ্গে কাজ করে গেছেন। যখন সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা- সত্য কথা বলা কঠিন ছিলো সেই সময়েও তিনি সাহসের সঙ্গে সঠিক ও সত্য কথা বলেছেন।
এই প্রয়াত সাংবাদিকের আদর্শ অনুসরণের জন্য তরুণ সাংবাদিকদের প্রতি আহবান জানান এই বিএনপি নেতা।
স্মরণসভার অন্যান্য বক্তা আতাউস সামাদের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তার মতো সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক এখন খুঁজে পাওয়া কঠিন।
সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিদা খাতুন, সাংবাদিক শফিক রেহমান, সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহীদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, অধ্যাপক খলিুলর রহমান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন ও প্রয়াত আতাউস সামাদের ছোট ভাই আতিকুস সামাদ বক্তব্য রাখেন।
এছাড়া প্রয়াত আতাউস সামাদের মেয়ে সামিয়া সামাদ শান্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24