ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষায়িত গবেষণায় গুরুত্ব দিয়ে বাস্তবায়নের কাজও একসঙ্গে চালানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ’ এর সপ্তম বৈঠকে এ কথা বলেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের গবেষণামূলক প্রকল্পসহ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়।
এছাড়া অনুমোদিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি-২০১১ এর আলোকে প্রণীত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের আওতায় পিএইচডি করার ক্ষেত্রে মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্তও সভায় অনুমোদন দেয়া হয়েছে বলে প্রেসসচিব জানান।
দেশীয় মাছের উৎপাদন বাড়াতে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের গত সরকারের সময়ে মাছের উৎপাদন বাড়াতে গবেষণার উদ্যোগ নেওয়া হয়, যার সুফল এখন জনগণ পাচ্ছে।
ধীরে ধীরে দক্ষিণাঞ্চলে ধানের উৎপাদন বাড়ানো এবং উত্তরাঞ্চলে ভুট্টাসহ অর্থকরী ফসল ফলানোর কথাও বলেন শেখ হাসিনা।
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24