২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: হুইপ রেজাকে বাদ দিলেন এরশাদ

প্রতারণার অভিযোগ এনে এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগ এনে এইচ এম গোলাম রেজাকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদ। মঙ্গলবার জাতীয় পার্টির এক বিবৃতিতে বলা হয়, গোলাম রেজাকে সংসদীয় দলের হুইপের পাশাপাশি সভাপতিমণ্ডলির সদস্যের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে দলের সভাপতিণ্ডলির সদস্য মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেয়া হয়েছে। “অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে,” বিবৃতিতে বলেন এরশাদ। এরশাদ বলেন, “আমার পার্টির সংসদ সদস্য গোলাম রেজা বিভিন্ন জায়গায় আমার রাজনৈতিক সচিব ও একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয়ের ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন যা প্রতারণার শামিল।” “গোলাম রেজা কখনোই আমার রাজনৈতিক সচিব ছিলেন না, এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন। এই পরিচয় দিয়ে যদি তিনি কাউকে বিভ্রান্ত করতে চান- তাহলে বিষয়টি আইনের আওতায় চলে আসবে।” সুনীল শুভ রায় রাজনৈতিক সচিব এবং খালেদ আখতার একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন জানিয়ে এরশাদ বলেন, “দ্বিতীয় কোনো ব্যক্তি ওই পদের সঙ্গে সংশ্লিষ্ট নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৯০৮ ঘ.