২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ জনের বিরুদ্ধে এ সপ্তাহেই মামলা: মন্ত্রী

বিগত চার দলীয় জোট সরকারের সময় ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সম্প্রদায় ও তখনকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 08:21 AM

Updated : 25 Apr 2022, 09:48 PM

বিগত চার দলীয় জোট সরকারের সময় ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সম্প্রদায় ও তখনকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

তিনি জানান, ওই ঘটনায় দেয়া তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি সপ্তাহেই ১৮টি মামলা করা হবে।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল বুসাইরির সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, গত শনিবার কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

২০০১ সালের ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেন মামলা হয়নি জানতে চাইলে মন্ত্রী বলেন, এ সপ্তাহেই মামলা হবে।

যে ১৮ জনের বিরুদ্ধে মামলা হবে তাদের নাম জানতে চাইলে মন্ত্রী বলেন, “যথাসময় নাম জানতে পারবেন।”

রামুর ঘটনা নিয়ে বিরোধী দল বিএনপির বক্তব্যের সমালোচনা করে মহীউদ্দীন খান বলেন, “২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের মুখে রামুর ঘটনায় সরকারের সংশ্লিস্টতার অভিযোগ মিথ্যার বেসাতি ছাড়া আর কিছু নয়।”

২০০১ সালের নির্যাতনের ঘটনায় আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গত বছর এপ্রিল মাসে প্রায় ১১শ’ পৃষ্ঠার একটি প্রতিবেদন স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ে জমা দেয়।

গত বছর ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, ২০০১ সালের ঘটনায় নির্যাতনকারী হিসেবে ২৬ হাজার ৩৬৫ জনকে চিহ্নিত করেছে সরকার। এদের মধ্যে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে ২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতা ঘটে।

প্রতিবেদনে নাম আসা সাবেক মন্ত্রীরা হলনে- বিএনপি নেতা আলতাফ হোসনে চৌধুরী, তরকিুল ইসলাম, হাফিজউদ্দিন আহমদে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম পিন্টু ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।

তখনকার সংসদ সদস্যদের মধ্যে রয়ছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, নাদিম মোস্তফা, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), এ এইচ এম সেলিম, শহিদুল ইসলাম, ইলিয়াস আলী, ইলেন ভুট্টো, হাফিজ ইব্রাহীম, সালাউদ্দীন আহমেদ, আলমগীর হায়দার, ডা. সালেক চৌধুরী, জহিরউদ্দীন স্বপন ও মাওলানা সাখাওয়াত হোসনে।

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী, ডা. আবু তাহের ও আব্দুস সোবহানের নামও আসে ওই প্রতিবেদনে। এছাড়া নাটোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক একরামুল কবিরও রয়েছেন এই তালিকায়।

বিচার বিভাগীয় তদন্ত এখনই নয়

বিএনপির দাবি অনুযায়ী রামুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রশাসনিকভাবে যে তদন্ত কমিটি হয়েছে তারা সফল হলে বিচার বিভাগীয় তদন্তের দরকার হবে না।”

ঘটনার রাতে রামুর স্থানীয় প্রশাসনের ‘নিরব ভূমিকা’ পালনের যে অভিযোগ এসেছে, তা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশের মতো একটি ঘণবসতিপূর্ণ দেশে প্রতি ঘরে ঘরে নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। এটা আমরা করতেও চাই না। বাংলাদেশ পুলিশি রাষ্ট্র নয়।”

মন্ত্রী জানান, হামলার ঘটনায় নতুন করে আরো ৮৮ জনকে আটক করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি ঘর এবং ১১টি কিয়াং মন্দির মেরামত করতে সরকার ‘যথাসাধ্য’ সহায়তা দেবে।

খালাফ হত্যা প্রসঙ্গ

সৌদি রাষ্ট্রদূত আবদুল্লহ নাসের আল বুসাইরি সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার অগ্রগতি জানতে এসেছিলেন।

“হত্যায় জড়িত পাঁচ আসামির মধ্যে ৪ জন পুলিশের হাতে রয়েছে। পলাতক একজন আত্মসমর্পণ না করলে তার অনুপস্থিতিতেই মামলা চালানো হবে।”

মামলা চলাকালে সৌদি কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করতে চেয়েছে বলেও মন্ত্রী জানান।