রংপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কারণে রংপুর সিটি করপোরেশন নির্বাচন এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
সোমবার রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। কিন্তু ডিসেম্বরজুড়ে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হবে।
“নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালনকারী সবাই শিক্ষক। তাই পরীক্ষার মধ্যে নির্বাচন সম্ভব হবে না ভেবেই নির্বাচনের তারিখ এগিয়ে আনার চিন্তা করছে কমিশন,” বলেন তিনি।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
রাতে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কারেন।
সিইসি বলেন, কাপাসিয়ার নির্বাচন ছিল বর্তমান নির্বাচন কমিশনের প্রথম চ্যালেঞ্জ। কমিশন সে চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক ও সুধীমহল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন।
এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা সংক্রান্ত বিএনপির বক্তব্যকে রাজনৈতিক বলে মনে করেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, যুগ্ন সচিব জেসমিন টুলি, রংপুরের উপনির্বাচন কমিশনার মোহ. ইসরাইল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24