গাজীপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর উপজেলা শহরে বিক্ষোভ ও ভাংচুর হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সদস্য মো. আলমগীর হোসেনকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়। তিনি রাউদকোনা এলাকার প্রয়াত জবেদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে খুন হন যুবদল নেতা সাইফুল ইসলাম। এ মামলার দুই নম্বর আসামি আলমগীর দীর্ঘদিন পলাতক ছিলেন। স¤প্রতি তিনি এলাকায় এসে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে কাজ করেন।
স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের কর্মীদের ওপর হামলা ও মারধরে নেতৃত্ব দেয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশন ও পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগও দিয়েছিলেন আফসার।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আফসার উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. কাজী সিরাজ উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে কাপাসিয়া বাজার থেকে আলমগীরকে গ্রেপ্তার করে র্যাব।
এরপরই ছাত্রলীগের কিছূ নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে মিছিল থেকে তারা ওয়ালটনের শোরুম এবং আফসার আহমদের নির্বাচন পরিচালনা কমিটির তার (কাজী সিরাজ উদ্দিন) মালিকানাধীন কাজী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢিল ছুড়ে কাচ ভাংচুর করে।
কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আদালতে হাজির করলে আলমগীরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওয়ালটন শোরুমের দোতলায় আফসার উদ্দিনের নির্বাচন পরিচালনার অফিস ছিল। সেখানে আফসার উদ্দিন ও তার কর্মীরা মাঝেমধ্যে বসতেন। এ ক্ষোভ থেকে অতি উৎসাহী কিছু ছাত্রলীগকর্মী এ হামলা চালিয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৭ ঘ.
bdnews24