ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত চার ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের করা রিট আবেদনে সোমবার হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
এর বিকল্প হিসাবে কাউলতিয়া, পূবাইল, বাসন ও কাশিমপুর ইউনিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কেন বাদ দেয়ার নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়েছে আদালত।
স্থানীয় সরকার সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, গাজীপুর জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডেপুটি সচিব, অ্যাসিন্ট্যান্ট সচিব, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
টঙ্গী পৌরসভা, গাজীপুর পৌরসভা এবং আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার কথা থাকলেও তার বাস্তবায়ন না করায় এই রিট আবেদন করেন চার ইউনিয়নের সাবেক চেয়ারম্যানরা।
এই চারজন হলেন- কাউলতিয়া ইউনিয়নের মো. নাজিম উদ্দিন, পূবাইল ইউনিয়নের সুলতান উদ্দিন আহমেদ, বাসন ইউনিয়নের সাইফুল ইসলাম বাবুল এবং কাশিমপুর ইউনিয়নের শওকত হোসেন।
আদালতে শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধান ও দেশের বিদ্যামান আইন অনুসারে স্থানীয় সরকারের সব পর্যায় নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে পরিচালিত হওয়ার কথা।
“কিন্তু প্রস্তাবিত গাজীপুর সিটি কর্পোরেশনের চিত্র ভিন্ন। সেখানে একদিকে সিটি কর্পোরেশন করার কথা বলে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিচ্ছে না। আবার সিটি কর্পোরেশন না হওয়ায় এর নির্বাচনও দেওয়া সম্ভব হচ্ছে না। এভাবে চলতে পারে না”, বলেন রিটকারীদের আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24