ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সা¤প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক সাবেক সেনা কর্মকর্তার পদোন্নতি কীভাবে হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিনেতা সাদেক হোসেন খোকা।
তিনি বলেছেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আমাদের সম্পর্কে বলা হয়, আমরা নাকি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছি। স¤প্রতি সেনাসদরের সংবাদ সম্মেলন ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল এহসানের ল্যাপটপ থেকে তারা এই ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনার কথা পেয়েছেন।”
“তাহলে কে এই এহসান,” প্রশ্ন করেন তিনি।
মঙ্গলবার মহানগর বিএনপির আয়োজনে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন খোকা।
বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে এই সেনা কর্মকর্তাকে অবসর দেওয়া হয় উল্লেখ করে বিএনপির সহ-সভাপতি খোকা বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এহসানকে চাকরিতে পুনঃনিয়োগ দিয়ে পদোন্নতি দিয়েছিলেন।”
“তাই সেনাছাউনিতে কোনো ঘটনা ঘটে থাকলে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায় এড়াতে পারেন না,” যোগ করেন তিনি।
গত ডিসেম্বরে সরকার উৎখাতে কিছু ধর্মান্ধ সেনা কর্মকর্তার অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ করার খবর সংবাদ সম্মেলন করে গত ১৯ জানুয়ারি জানায় সেনাসদর। চক্রান্তে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ আরো এক সেনা কর্মকর্তাকে আটক রাখার কথা তখন জানায় সেনাবাহিনী।
সাবেক সেনা কর্মকর্তা এহসানকে পুনঃনিয়োগ করার সুপারিশ যারার করেছিলেন তাদের বিষয়ে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, “শুধুশুধু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দিকে অঙ্গুলি তাক করার চেষ্টা করবেন না।”
ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টার খবর প্রকাশের পর থেকে এতে বিএনপির জড়িত থাকার ইঙ্গিত দিয়ে আসছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা।
বিএনপি অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবারও বলেন, বিএনপি সেনা অভ্যুত্থানে নয়, গণঅভ্যুত্থানে বিশ্বাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24