২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের অভিযোগ গঠনের শুনানি ২৯ ফেব্রুয়ারি

জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 05:28 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই তারিখ ধার্য করে। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আনুষ্ঠানিক অভিযোগ, তদন্তে সাক্ষীদের বক্তব্য এবং তদন্ত প্রতিবেদন দেখে প্রতীয়মান হয় যে, সেখনে অপরাধ সংঘঠিত হয়েছে। এর ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ আমলে নেওয়া হলো। কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য প্রসিকিউশনকে ৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ মামলার নথিপত্র জমা দিতে বলা হয়েছে। আসামি পক্ষকে ৭ ফেব্রুয়ারি এসব নথি সংগ্রহ করতে হবে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষী মধুসুদন ঘরামিকে (৮১) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হলেও তিনি গুরুতর অসুস্থ থাকায় আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত করে। সাঈদী ও কামারুজ্জামান ছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে। একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১১০ ঘ.