ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিল নিয়ে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতের আট হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার রাতে করা এসব মামলায় লক্ষ্মীপুরে ছয় থেকে সাত হাজার, কুড়িগ্রামে ছয়শ’, বরগুনায় পঁচশ’, কিশোরগঞ্জে ৭০ ও বান্দরবানে ৪৩ নেতাকর্মীকে আসামি করা হয়।
লক্ষ্মীপুর: বিএনপি-জামায়াতের ছয় থেকে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল কামাল বাদী হয়ে সদর থানায় করা এ মামলায় ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সদর থানার ওসি গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা, বেআইনি দলবদ্ধ হয়ে দোকানপাট ভাংচুর, লুটপাট, বাড়িঘর ও পুলিশের গাড়ি ভাংচুর এবং দুই পথচারীকে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মামলায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুসহ বিএনপি-জামায়াতের ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রাম: পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় দুইটি মামলায় বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই দুটি মামলায় সোমবার ভোরে জেলা বিএনপি’র ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে এ মামলা দুটি দায়ের করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার এসআই কফিল উদ্দিন জানান, পথ অবরোধ করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘিœত করার অপরাধে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
পুলিশের কাজে বাধাদান, পুলিশকে মারধর, ব্আেইনি সমাবেশ, দোকানপাট ভাংচুরের অভিযোগে অপর মামলাটি করেন এসআই আজিজুল বারী। এই মামলায় ৫৫জনের নাম উল্লেখসহ করে আরও ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার এসআই রবিউল ইসলাম বলেন, সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপি’র কর্মী হলোখানা এলাকার সোলজার হোসেন (৩৮) ও জেলা যুবদলের কর্মী একই এলাকার রফিকুল ইসলামকে (৩৫) আটক করেছে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
বরগুনা: বরগুনায় তিনটি মামলায় বিএনপির পঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রোববার রাতে সদর থানায় মামলা তিনটি করেছেন বরগুনা পৌরসভা সচিব রফিকুল ইসলাম, থানার উপ-পরিদর্শক শামসুল আলম ও উপ-পরিদর্শক সফিকুল ইসলাম।
রফিকুল ইসলামের দ্রুত বিচার আইনের মামলায় পৌরভবনে হামলা ও ভাংচুরের অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হালিমসহ (প্রধান আসামি) ১১০ জনকে আসামি করা হয়েছে।
হামলার সময় জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়।
এসআই শামসুল আলমের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সফিকুল ইসলামের মামলায় পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির তিনটি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, এখন মামলাগুলোয় ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ: পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাত সংখ্যক নেতাকর্মীকেও আসামি করা হয়।
এদিকে গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে এসআই শেখ আব্দুল্লাহ’র করা একটি মামলায় ৫৮ আসামির মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, নিজাম উদ্দিন খান নয়ন ও আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া, জেলা যুবদল আহবায়ক শরীফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. রেজাউল করিম খান চুন্নু, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মোল্লা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লাসহ ৫৮ জন।
এছাড়া জনমনে ত্রাস সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, শক্তির মহড়া ও রাস্তায় অবরোধ সৃষ্টির অভিযোগে ১২ জনকে আসামি করে মডেল থানার এসআই এ টি এম মাহমুদুল হক অপর মামলাটি করেন দ্রুত বিচার আইনে।
এ মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ও ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাসের সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
তিি বলেন, গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের সোমবার বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।
বান্দরবান: পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার রাতে বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন করেন থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ফখর উদ্দিন।
সোমবার বিচার বিভাগীয় হাকিম এফ এম শেফায়েত ছালামের আদালতে হাজির করলে তাদের মধ্যে ১২ জনকে জামিন দিয়ে অফর ৩৩ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জামিন পেয়েছেন- আবদুল আলী, মনির আহমদ, নুর আলম, শামছুল আলম, আবুল কাশেম, আহমদ উল্লাহ, ফয়েজ আহমদ, শাহ আলম, ছৈয়দ হোসেন, আব্বাস মিয়া, নুর হোসেন ও মো. ইলিয়াছ।
মামলায় বলা হয়, আসামিরা (বিএনপি ও সমমনা দলের সদস্যরা) রোববার সকালে বান্দরবান শহরে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে জঙ্গি মিছিল বের করে। ইটপাটকেল নিক্ষেপ, পুলিশকে আঘাত, সরকারি কাজে বিঘœ সৃষ্টি করা এবং পথচারীদের চলাচলে বাধা দেওয়ায় তাদের আটক ও মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24