২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে শর্ত সাপেক্ষে গণমিছিলের অনুমতি

বিএনপিকে সোমবার রাজধানীতে শর্তসাপেক্ষে গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে সোমবার রাজধানীতে শর্তসাপেক্ষে গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সংসদ ভবনে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বৈঠকের পর রাত সাড়ে ৯টার দিকে এ অনুমতি দেওয়া হয়। অনুমতির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান। রোববার সন্ধ্যার সংসদ ভবনে খুব অল্প সময়ের জন্য বৈঠক করেন তারা। সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই তারা বৈঠকে বসেন। বৈঠক শেষ হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, বিএনপি সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করলে কোনো অসুবিধা নেই। তবে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সরকার নাশকতার যে আশঙ্কা করা হয়েছিল লক্ষ্মীপুর ও চাঁদপুরের ঘটনা তার প্রমাণ। সারাদেশে আইনশৃঙ্কলা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। অনুমতির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে হলো- মিছিল বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত সীমিত রাখা; আগ্নেয়াস্ত্র, লাঠি, রড বহন না করা এবং ভোররাতে নেতা-কর্মীদের সমবেত না হওয়া। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব শর্তের কথা জানান। গণমিছিলের অনুমতি চেয়ে রোববার বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর আবেদন নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি রোববার দুপুরে মতিঝিল উপ-কমিশনারের কাছে যান। বিএনপি গত ৯ জানুয়ারি ঘোষণা দিয়েছিল সরকাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তারা ২৯ জানুয়ারি (রোববার) রাজধানীসহ জেলা সদরগুলোতে গণমিছিল করবে। তবে গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করার ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে রোববার রাজধানীতে সকাল ৬টা থেকে রাত ১২টা সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। আরো চার বিভাগীয় শহরেও একই রকমের নিষেধাজ্ঞা আসে পুলিশের তরফ থেকে। এ অবস্থায় রাজধানীর রোববারের নির্ধারিত গণমিছিল সোমবার করবে বলে শনিবার ঘোষণা দেয় বিএনপি। আওয়ামী লীগ সোমবার জানায়, তারা রোববারের জনসভা সোমবার করবে। রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে দুজন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএইচসি/পিডি/২২১১ ঘ.