২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: বিএনপি নেতা নুরুল গ্রেপ্তার

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

নরসিংদী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি। রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মালয়েশিয়া থেকে ফেরার পর পরই সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। লোকমান হত্যার আগেই মালয়েশিয়ায় পাড়ি জমান নুরুল।” রাতেই তাকে নরসিংদী নিয়ে আসা হবে বলে জানান এসপি। গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। লোকমানের ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে যে হত্যা মামলা দায়ের করেন তাতে নুরুল ইসলামই একমাত্র বিএনপি নেতা। বাকিদের অধিকাংশ আওয়ামী লীগের নেতা-কর্মী। এই মামলায় ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমদে রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, একান্ত সহকারী (এপিএস) মুরাদসহ অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশ পরির্দশক মামুনুর রশীদ মণ্ডল জানান, মামলায় এ পর্যন্ত ২৪ আসামি গ্রেপ্তার হয়েছেন বা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে এজাহারভুক্ত এক আসামিসহ ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০৪ ঘ.