২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নৈরাজ্য সৃষ্টি করছে: বিএনপি

দেশের বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করে প্রধান বিরোধী দল বলেছে, নৈরাজ্য সৃষ্টির জন্য সরকার পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করে প্রধান বিরোধী দল বলেছে, নৈরাজ্য সৃষ্টির জন্য সরকার পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (রোববার) বিভিন্ন জেলায় গণমিছিলের কর্মসূচিতে র‌্যাব, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে। লক্ষীপুর, চাঁদপুরে আমাদের দলের মোট তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছে অসংখ্য নেতা-কর্মী।” “দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি”, যোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ একই দিনে সমাবেশ ডাকে। এই পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশ রোববার ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করলে দুই দলই তাদের কর্মসূচি এক দিন করে পিছিয়ে দেয়। তবে বিএনপির জেলায় জেলায় কর্মসূচি বহাল রাখা হয়। রোববার সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, হবিগঞ্জ, নেত্রকোনা ও পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে চাঁদপুরে দুইজন এবং লক্ষ্মীপুরে একজন নিহত হয়। বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানান ফখরুল। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তিরও দাবি জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে গণমিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মিছিল শুরুর আগে তিনি বক্তব্যও দেবেন। এরপর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মটরে গিয়ে শেষ হবে এ কর্মসূচি। সংবাদ সম্মেলনে লক্ষীপুর, চাঁদপুর, বরগুনা, কুড়িগ্রাম, শেরপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, নীলফামারী, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুরসহ ১৮টি জেলায় গণমিছিলে ‘পুলিশি হামলার চিত্র’ তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি দাবি করেন, রোববার বিভিন্ন জেলায় গণমিছিলে ‘পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের’ হামলায় এক হাজার ১৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বিভিন্ন জেলায় বিএনপির এক হাজার ২৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তাদের মুক্তিও দাবি করেন তিনি। ‘জনসভা প্রত্যাহার করুন’ সোমবারও ঢাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের রীতি-নীতি উপেক্ষা করে আবারো এই দলটি ঢাকায় সোমবার জনসভা আহ্বান করেছে। আমরা তাদের প্রতি অনুরোধ রাখব, গণতন্ত্রের স্বার্থে এই জনসভা প্রত্যাহার করে নিন।” “বিএনপির একটি বড় কর্মসূচি আছে সোমবার। তাই ক্ষমতাসীন দলের শুভবুদ্ধির উদয় হবে বলে আমরা আশা করি”, যোগ করেন তিনি। বিভিন্ন জেলায় সংঘর্ষের পরও গণমিছিল কর্মসূচি ‘সফল’ হয়েছে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই গণমিছিলে অংশ নিয়ে জনগণ বর্তমান সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকায় সোমবারে গণমিছিল সফল করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আমরা আশা করি।” অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আহমেদ, শাম্মী আখতার, যুবদল সহসভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭২০ ঘ.