২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল

গণমিছিলে বাধা ও পুলিশের গুলিতে চার জন নিহত হওয়ার ঘটনায় চাঁদপুর ও লক্ষ্মীপুরে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চাঁদপুর/লক্ষ্মীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে বাধা ও পুলিশের গুলিতে চার জন নিহত হওয়ার ঘটনায় চাঁদপুর ও লক্ষ্মীপুরে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজকের ঘটনার প্রতিবাদে কাল (সোমবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর জেলায় হরতাল পালন করা হবে।” জে এন সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসায় এ সংবাদ সম্মেলন হয়। অন্যদিকে লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, “জেলা বিএনপি’র দুই কর্মীর মৃত্যুর ঘটনায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় হরতাল ডাকা হয়েছে।” একই সঙ্গে নিহতদের স্মরণে লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ ও কলো পতাকা উত্তোলনসহ তিন দিনের শোক কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান সাবু। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপি রোববার সকালে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় চাঁদপুর ও লক্ষ্মীপুরে। এক পর্যায়ে পুলিশের গুলিতে আহত লিমন (২৫) ও আবুল হোসেন গাজী (৫৫) নামে দুজন চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। অন্যদিকে দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর রুবেল হোসেন (২২) এবং গুলিবিদ্ধ অবস্থায় বিকালে ঢাকা নেওয়ার পথে আবুল কাসেম (৫০) মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/পিডি/১৯৪৬ ঘ.