খুলনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা ও পাবনায় বিএনপির গণ মিছিল ও সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
খুলনা প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় মহানগর পুলিশের এক আদেশে বলা হয়, রোববার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান বলেন, বিরোধী দলের গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নগরীতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে গণমিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, মিছিল সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অকিার। বর্তমান সরকার বিরোধী দলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পুলিশকে নিজস্ব পেটোয়া বাহিনীতে পরিণত করে গণতান্ত্রিক অধিকার খর্ব করে চলেছে।
পাবনা প্রতিনিধি জানান, বিএনপির দুই গ্রুপ রোববার একই সময়ে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেওয়ায় জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের এ আদেশে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শহরে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ ব্যাপারে শহরে মাইকিংও করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দু’টি গ্রুপ রোববার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের করার কর্মসূচি ঘোষণা করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ আদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24