ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিল সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণার পর রাজধানীতে রোববার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি দল একই দিনে কর্মসূচি দিয়েছে। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৯ জানুয়ারি চট্টগ্রামের সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ২৯ জানুয়ারির এই গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। এরপর গত বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে একই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দেওয়া হয়।
ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছে- এমন অভিযোগ এনে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা শনিবার বলেছেন, গণমিছিল কর্মসূচিতে বাধা দিলে পরিণতি শুভ হবে না।
অন্যদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ার করে দিয়েছেন, বিএনপির গণমিছিলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার ‘বরদাশত’ করবে না।
রোববার দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মিছিলটি শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। খালেদা জিয়া মিছিল শুরুর আগে বক্তব্য দেবেন বলে ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24