ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।
তার গুলশান কার্যালয়ে শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির গণমিছিলের দিন (রোববার) আওয়ামী লীগের জনসভা করার ঘোষণার প্রেক্ষিতে রাজধানীতে মিছিল-সমাবেশে পুলিশের জারি করা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।
বৈঠকে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকাও অংশ নিচ্ছেন বিশেষ আমন্ত্রণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১১ ঘ.
bdnews24