ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল শুরু করে বাংলামটরে গিয়ে তা শেষ করবে বিএনপি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে রোববার এই কর্মসূচি করবে বিরোধী দল। পূর্বঘোষিত এই মিছিলের রুট শুক্রবার প্রকাশ করা হয়েছে।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেছেন, দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ের সানে থেকে গণমিছিল শুরু হবে।
শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে বাংলামটরের জোহরা মার্কেটের সামনে গিয়ে শেষ হবে ওই মিছিল।
রিজভী বলেন, শান্তিপূর্ণ এই কর্মসূচির নিরাপত্তা ও মাইক ব্যবহারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, পুলিশের মহাপরিদর্শক ও মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।
“কিন্তু মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দলের একটি প্রতিনিধি দল কয়েকদিন ধরে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ডিএমপি কমিশনারের কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এটা দুর্ভাগ্যজনক,” বলেন তিনি।
গণমিছিলের প্রচারে পুলিশ ও আওয়ামী লীগকর্মীরা বাধার সৃষ্টি করছে বলেও বিএনপির এই নেতার অভিযোগ। তিনি জানান, পোস্টার লাগানোর সময় তেজগাঁও, আদাবর, সাতরাস্তার মোড় ও শাহবাগ থেকে বিএনপির পাঁচ জন কর্মীকে পুলিশ আটক করেছে।
গণমিছিলের দিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ আহ্বানের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “এটা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তবে পাল্টা কর্মসূচি দিয়ে গণমিছিলকে ব্যাহত করা যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24