ঢাকা জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময় স্বল্পতার কারণে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে মনোনীত ব্যক্তিদের নাম চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠায়নি সার্চ কমিটি।
কমিটির বরাত দিয়ে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা উল্লেখ করে বলা হয়, “সময় স্বল্পতার কথা বিবেচনা করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত হয়েই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল ২৯ জানুয়ারি (রোববার) বিকাল ৩টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মনোনয়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে অনধিক পাঁচটি নাম পাঠাবে বলে সার্চ কমিটি আশা করে।”
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুন্সি জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সার্চ কমিটির রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার বিষয়টি জানানো হয়।
বৃহস্পতিবারের তথ্য বিবরণীতে বলা হয়, “অনুসন্ধান কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ তুলে ধরার বাধ্যবাধকতা থাকায় রাজনৈতিক দলগুলোকে নাম চেয়ে চিঠি দেওয়া সম্ভব হয়নি। এজন্যই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়।”
নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের লক্ষ্যে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে গত ২২ জানুয়ারি চার সদস্যের সার্চ কমিটি করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রাজনৈতিক দলগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে সম্ভাব্য প্রার্থীদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে এই কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২২০৯ ঘ.
bdnews24