ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রা নীতির ঘোষণায় গড় মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সার্বিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আভাস দেশের অর্থনীতির হতাশার চিত্র নতুন করে দৃশ্যমান হয়েছে বলে মনে করছে বিএনপি।
সংসদের বছর শুরুর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকেও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে আখ্যায়িত করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় ব্যাংকের ছয় মাসের মুদ্রা নীতির ঘোষণা আসার পরপরই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় বলেন, “দেশের অর্থনীতি আজ ধ্বংসের দিকে এগিয়ে চলছে। অতিরিক্ত ঋণে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। পুঁজিবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রা নীতিতে অর্থনীতি ও মূল্যস্ফীতির এই চিত্র ফুটে উঠেছে।”
মুদ্রানীতির ঘোষণায় অর্থবছরে সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান অর্থবছরের বাজেটে তা ধরা হয়েছে ৭ শতাংশ।
মূল্যস্ফীতির হার বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ ধরা হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে, তা ৯ শতাংশে দাঁড়াতে পারে।
অর্থনীতির সাবেক শিক্ষক ফখরুল বলেন, “মুল্যস্ফীতি বৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতা ও নীতিই দায়ী। খাদ্যে মূল্যস্ফীতি এখনই ১৩ শতাংশে চলে গেছে। প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা বাজেটে ধরা হয়েছে, তাও অর্জিত হবে না।”
দেশের অর্থনীতি ভালো নয় দাবি করে তিনি বলেন, কল-কারখানা বন্ধ হচ্ছে। গার্মেন্টস খাত দুর্বল হয়ে পড়েছে। রপ্তানিকারকরা বলছেন, ১৭ শতাংশ অর্ডার কমে গেছে। শ্রমবাজারও সঙ্কুচিত হয়ে পড়েছে।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই আলোচনা সভায় বক্তব্যে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ফখরুল দেশে রাজনৈতিক ‘সঙ্কট’ তৈরির জন্য সরকারকে দায়ী করেন।
রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। অথচ রাষ্ট্রপতি এই সংশোধনীর প্রশংসা করেছেন।
“আমরা রাষ্ট্রপতিকে শ্রদ্ধা করি। কিন্তু আওয়ামী লীগ সরকার যা বলে, তিনি তা-ই করেন। সংসদে তোতা পাখির মতো তিনি (রাষ্ট্রপতি) সরকারের বক্তব্য পাঠ করেছেন। সরকারের বিভিন্ন কাজের প্রশংসা করেছেন। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই,” বলেন তিনি।
বর্তমান অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24