ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ শেষে যশোরের এক বাড়িতে ‘আশ্রয়’ নেওয়ার পর আটক হওয়া এড়াতে বোরকা পরে সেখান থেকে পালিয়ে যান যুদ্ধাপারধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী।
তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ষোড়শ সাক্ষী মুক্তিযোদ্ধা জুলফিকার আলী বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেন এ তথ্য।
সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুানালের কার্যক্রম শুরুর পর মামলার পঞ্চদশ সাক্ষী মো. সোলেমান হোসেনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
সোলেমান মঙ্গলবার তার সাক্ষ্যে জানান, একাত্তরে পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পর মুক্তিযুদ্ধ শেষে যশোরের বাঘারপাড়া ইউনিয়নের দহখোলা গ্রামে রওশন আলী নামে এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন জামায়াতে ইসলামীর বর্তমান নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী।
বুধবার সাক্ষ্য দিতে দাঁড়িয়ে ৫৯ বছর বয়সী জুলফিকার আলী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পরপরই বাঘারপাড়া বাজারে রওশন আলীর সঙ্গে এক ব্যক্তিকে দেখেন তিনি। পরে জানতে পারেন ওই ব্যক্তির নাম দেলাওয়ার হোসাইন সাঈদী, যিনি মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে ব্যাপক হত্যা নির্যাতন চালিয়েছেন।
জুলফিকার ট্রাইব্যুনালকে বলেন, সাঈদীর পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে যশোরের মুক্তিযোদ্ধারা তাকে আটক করার সিদ্ধান্ত নেন। এ কারণে একদিন রওশন আলীর বাড়িও ঘেরাও করেন তারা। কিন্তু বিষয়টি টের পেয়ে আগেই সরে পড়েন সাঈদী।
“পরে জানতে পারি, বোরকা পরে গরুর গাড়িতে চড়ে তিনি অন্য এলাকায় পালিয়ে যান”, বলেন জুলফিকার।
দুপুরের পর ষোড়শ সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল¬া এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬০৪ ঘ.
bdnews24