২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনা নয়, গণঅভ্যুত্থানেই সরকার পতন’

ব্যর্থ সামরিক অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়ে জনগণকে ‘গণঅভ্যুত্থানের’ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থ সামরিক অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়ে জনগণকে ‘গণঅভ্যুত্থানের’ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “একদলীয় বাকশালের মতো এবার সরকার ভিন্ন কায়দায় দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে। সরকারকে বিদায় করতে এখন তরুণসহ সবাইকে জেগে উঠতে হবে। কোনো সেনা অভ্যুত্থান নয়, গণঅভ্যুত্থানেই এ স্বৈরাচার সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।” এ লক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিলে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ওইদিন ঢাকাসহ সারা দেশে গণমিছিল করবে বিএনপি। সেনাবাহিনী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, ধর্মান্ধ কিছু অবসরপ্রাপ্ত ও বর্তমান সেনা সদস্যের সরকার উৎখাতের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, বাংলাদেশে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে। এর জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী, অন্য কোনোভাবে নয়। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “১৯৭২-৭৫ সালের পরিস্থতির সঙ্গে এখনকার অবস্থার কোনো অমিল নেই। দেশের অর্থনীতি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় ব্যাংকগুলো দেউলিয়া হতে চলেছে। কেবল তাই নয়, দলীয় লোকজনকেও তারা অনুৎপাদনশীল খাতে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে।” সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ভারতীয় হিন্দু পত্রিকাসহ সেখানকার বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশি নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইতে বলা হয়েছে ভারত সরকারকে। অথচ কি দুর্ভাগ্য, আমাদের সরকার এ বিষয়ে ভারতের কাছে প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পায় না। তারা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছে, প্রতিবাদের ভাষা ভুলে গেছে।” সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার সংসদ চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে। বিএনপিসহ সমমনা দলগুলো এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মাহবুবউল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, সাংবাদিক এম এ আজিজ, আবদুস শহীদ, আবদুল আউয়াল ঠাকুর বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫২০ ঘ.