ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ৮ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। ফলে এই অধিবেশনে ২৭টি কার্যদিবস হচ্ছে।
অধিবেশন শুরুর আগের দিন মঙ্গলবার সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ছিলেন না।
বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেওয়া আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বুধবার শুরু হয়ে দ্বাদশ অধিবেশন আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে।
সেই হিসাবে অধিবেশনের এই মেয়াদ ২৭ কার্যদিবসের হওয়ায় বিরোধী দলের সংসদ সদস্যরা এই অধিবেশনে যোগ না দিলেও তারা সদস্যপদ হারানোর ঝুঁকিতে পড়ছেন না।
আইন অনুযায়ী, টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বর্তমানে বিরোধী দলের সদস্যরা গড়ে ৫৩ দিন ধরে অনুপস্থিত রয়েছেন। এর আগে ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত বছরের ১৫ মার্চ সংসদ অধিবেশনে ফিরেছিলেন বিরোধীদলীয় সদস্যরা।
বর্তমান সংসদের গত ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত বিরোধী দলের সদস্যরা। সর্বশেষ ২০১১ সালের ২৪ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেন তারা।
সংসদের এই অধিবেশন দীর্ঘ হওয়ার ইঙ্গিত দিয়ে প্রধান হুইপ আব্দুস শহীদ দুপুরেই বলেছিলেন, সংসদ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য হলেও এই অধিবেশনে বিরোধীদলীয় সদস্যরা ফিরবেন।
তবে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার সকালেই বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সংবিধান সংশোধনের বিল সরকারি দল আনলে তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন।
বুধবার বিকালে দ্বাদশ অধিবেশন শুরু হবে। প্রথা অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে এদিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৩২ ঘ.
bdnews24