২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ অযৌক্তিক কথা বলেছেন: শফিক

নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের বিরোধিতা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের বিরোধিতা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিএনপি নেতা মওদুদের বক্তব্যকে ‘মনগড়া, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন তিনি। আইনমন্ত্রী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক আইনমন্ত্রী হিসেবে তিনি (মওদুদ) সঠিকভাবে; সঠিক দৃষ্টিকোণ থেকে কমিটি সম্পর্কে উক্তি করেছেন বলে আমার মনে হয় না।” সোমবার জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেন, “প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগের জন্যে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, তা অবৈধ ও অসাংবিধানিক।” সংবিধানের ১১৮ অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে একটি আইন প্রণয়নের কথা বলা হলেও রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে তার ব্যত্যয় ঘটিয়েছেন বলে মওদুদ মনে করেন। এ বিষয়ে ব্যারিস্টার শফিক বলেন, “এখানে সংবিধান বা আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনের মধ্যে থেকেই স্বচ্ছতার সঙ্গে এ কমিটি গঠন করা হয়েছে।” ১৫২ (১) অনুচ্ছেদে বর্ণিত আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, “আইন” অর্থ ‘কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি।’ “প্রজ্ঞাপন কি আইন নয়?” পূর্বসূরির প্রতি প্রশ্ন রাখেন শফিক। সার্চ কমিটিতে সরকারের সুবিধাভোগীদের নেওয়া হয়েছে বলে মওদুদের বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, কমিটিতে যাদের রাখা হয়েছে তারা সবাই সাংবিধানিক পদে অধিষ্ঠিত। বিএনপি আমলে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে পাল্টা প্রশ্ন তুলে শফিক বলেন, “তারা (বিএনপি) এম এ আজিজসহ অন্যসব নির্বাচন কমিশনাদের কোন প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছিলেন? তখন কী কোনো সার্চ কমিটি গঠন করা হয়েছিল?” “ওনি (মওদুদ) আইনের কথা বলছেন, যদি আইন থাকতো রাষ্ট্রপতি নিজের ইচ্ছামত কমিশনার নিয়োগ করিবেন; তাহলে কী হতো?”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৪৭ ঘ.