২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দল নিবন্ধন ভোটের ৬ মাস আগেই

নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান হয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৩ সালের এপ্রিলের মধ্যে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। কিন্তু এ প্রক্রিয়ায় দলগুলো ঠিকমতো শর্ত পূরণ করছে কি না, তা যাচাই-বাছাই করতে হয়। এজন্য অন্তত ছয় মাস সময় দরকার হয় ইসির।” “এজন্য আবেদনের একটি সময়সীমা বেঁধে দিচ্ছি আমরা। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তফসিল ঘোষণার ছয় মাস আগে নিবন্ধন আবেদন বন্ধ রাখা হবে”, যোগ করেন তিনি। আবেদনের সময় বেঁধে দেওয়ায় নির্বাচনের আগে হঠাৎ দল গড়ে নির্বাচন করার পথ বন্ধ হবে বলেও মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৭টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। নবম সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত আর কোনো দল কমিশনের কাছে নিবন্ধন চায়নি। কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি বাসা ভাড়া নিয়ে বা নামসর্বস্ব ঠিকানা দেখিয়ে ন্যূনতম শর্ত পূরণ করে দলের নিবন্ধন নেওয়ার প্রবণতা দেখা গেছে গত নির্বাচনে। ওই সময় আবেদন করা কয়েকটি দলের জেলা অফিস খুঁজে পায়নি ইসি। নিবন্ধনের তিন শর্ত রাজনৈতিক দল নিবন্ধন আইনে বলা হয়েছে, নিবন্ধন পেতে হলে ১) একটি দলকে দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো নির্বাচনে অন্তত একটি সংসদীয় আসন পেতে হবে, অথবা ২) যে কোনো একটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ওই আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ পেতে হবে, অথবা ৩) দলের একটি সক্রিয়া কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, দেশের অন্তত এক তৃতীয়াংশ [২১ টি] প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কমিটি থাকতে হবে এবং অন্তত ১০০ উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রামাণিক দলিল থাকতে হবে। সাখাওয়াত হোসেন বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে যাতে কোনো হুড়োহুড়ি না হয় সে জন্যই ছয় মাস আগে আবেদনের নিয়ম হচ্ছে। এটা না করলে শেষ সময়ে এসে মাঠপর্যায়ের ঠিক মতো খোঁজ নেওয়া যাবে না। তখন ফাঁক গলে নামসর্বস্ব দলই নিবন্ধন পাওয়ার আশঙ্কা থেকে যাবে।” কমিশন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেওয়ার পরও প্রয়োজন হলে নিবন্ধন বিধিমালায় আবেদনের সময়সীমার বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মনে করেন তিনি। নিবন্ধন বাতিলে নতুন শর্ত কমিশনে নিবিন্ধত কোনো দলের মাঠপর্যায়ে কার্যক্রম না থাকলে নিবন্ধন বাতিলের প্রস্তাব রাখছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রস্তাবিত সংশোধনীতে এ বিষয়ে একটি উপ ধারা যুক্ত করার প্রস্তাব দিয়ে বলা হয়েছে, একটি দলের ন্যূনতম কার্যক্রম না থাকলে নিবন্ধন বাতিল হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, নবম সংসদ নির্বাচনের পর ইসির অভিজ্ঞতা থেকে নতুন এ বিধান করা হচ্ছে। “নতুন এই শর্ত যুক্ত হলে কোনো নিবন্ধিত দল আর ঠিকানাবিহীন হতে পারবে না”, বলেন তিনি। এম সাখাওয়াত হোসেন জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে আরো সংশোধন, সিইসি ও ইসি নিয়োগসহ কয়েকটি প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত করে এ সপ্তাহে সরকার প্রধানের কাছে জমা দেওয়া হবে। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে মধ্য ফেব্র“য়ারিতে। তার আগেই নতুন কমিশন নিয়োগ দিতে একটি সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০৪৭ ঘ.