ঢাকা, জানুয়ারি ২০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে, যে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মেজর সৈয়দ জিয়াউল হককে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে খুঁজছে সেনাবাহিনী।
র্যাব-১ এর মেজর আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হিযবুত তাহরিরের পাঁচ সদস্যকে ধরা হয়।
তাৎক্ষণিকভাবে ওই পাঁচজনের নাম জানাতে পারেননি তিনি।
অভিযানে র্যাবের গোয়েন্দা শাখার এক সদস্য আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ‘ধর্মান্ধ’ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের ‘গণতান্ত্রিক ধারা ব্যাহত করার’ প্রয়াস চালায়, যার পরিকল্পনাকারী মেজর সৈয়দ জিয়াউল হক।
সেনা কর্মকর্তারা বলছেন, মেজর জিয়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ব্যবহার করে এবং মোবাইল ফোনে অন্য কর্মকর্তাদের ‘রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ সম্পৃক্ত হতে প্ররোচনা দেন।
ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ দুজনকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১৫১৫ ঘ.
bdnews24