২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমানের আসনে কামরুজ্জামান

নরসিংদীর পৌর মেয়র পদে উপনির্বাচনে নিহত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুলকেই বেছে নিয়েছেন ভোটাররা। বেসরকারীভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

মঈনুল হক চৌধুরী ও বেনজির আহমেদ বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নরসিংদী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র পদে উপনির্বাচনে নিহত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুলকেই বেছে নিয়েছেন ভোটাররা। বেসরকারীভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে কাপ পিরিচ প্রতীক নিয়ে কামরুজ্জামান পেয়েছেন মোট ৩৫ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোন্তাজ উদ্দিন ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৮১৩ ভোট, যিনি লোকমান হত্যা মামলার আসামি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান বলেন, “আমি ভাইয়ের স্বপ্ন পূরণ করবো। নরসিংদীবাসীর মাঝে আমি থাকতে চাই। আমি তাদের চাকর হয়ে থাকবো।” রিটার্নিং কর্মকর্তা মু. আবদুল অদুদ সন্ধ্যা ৭টার দিকে কামরুজ্জামানকে বেরসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর প্রায় দেড় ঘণ্টা আগেই ফলাফল জানা গিয়েছিল। তখন রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১টি কেন্দ্রের সবগুলো থেকেই এসএমএসের মাধ্যমে ফল এসে পৌঁছেছে আমাদের হাতে। নির্বাচন কর্মকর্তা ও এজেন্টদের স্বাক্ষরিত ফলের অনুলিপি হাতে এসে পৌঁছালে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।” দুই ফলের মধ্যে পার্থক্য হওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি কেন্দ্রের ১৯৮টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয় এ নির্বাচনে। ভোটার সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৮১ জন। বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার মাত্র ছয় মিনিটের মাথায় শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের ফল মোবাইল ফোনের এসএমসের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। ১০ মিনিটের মাথায় পাওয়া যায় দত্তপারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ১ ও ২ এবং সরকারি রেডিয়েন্ট স্কুলের ফল। তাৎক্ষণিকভাবে এই ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রদর্শন করা হয়। নির্বাচন শেষ হওয়ার মাত্র ৪৫ মিনিটের মধ্যে সব কেন্দ্রের ফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইভিএম দেখাভালের দায়িত্বে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (আইআইসিটি) পরিচালক লুৎফুল কবীর। ভোটের ফল দ্রুত প্রকাশে মোবাইলে এসএমএসের মাধ্যমে কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহের ‘পরীক্ষামূলক’ এই কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন (ইসি)। নরসিংদীতেই প্রথমবারের মতো এ পদ্ধতি প্রয়োগ করা হলো। এ নির্বাচনে ৬৭ দমশমিক ২ শতাংশ ভোট পড়েছে বলে লুৎফুল কবীর জানান। এ নির্বাচনের বাকি চার প্রার্থীর মধ্যে আমজাদ হোসেন ভূঁইয়া (দেওয়াল ঘড়ি) ৫৫৩ ভোট, হাজী আফজাল হোসেন মোল্লা (টেলিফোন) ১৫৮৯ ভোট, আরিফুল ইসলাম (চশমা) ১৫১ ভোট এবং মোসাব্বির আহমেদ নাসির (দোয়াত কলম) ৪৬৩ ভোট পেয়েছেন। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান গত ১ নভেম্বর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পৌর মেয়রের পদটি শূন্য হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন লোকমান। তার পদটি শূন্য হলে এ উপ নির্বচানের আয়োজন করে নির্বাচন কমিশন। কিন্তু লোকমান হত্যাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগও মামলার বাদি-বিবাদিতে বিভক্ত হয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু মেয়র পদে কামরুজ্জামানকে সমর্থন দিলেও জেলা সভাপতি মো. আসাদুজ্জামানসহ অধিকাংশ নেতার সমর্থন ছিল মোন্তাজের দিকে। সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের পাশাপাশি নরসিংদীর এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ওয়েব ক্যামেরা বসানো হয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয় কেন্দ্রগুলোর পরিস্থিতি। নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খ. মহিদ উদ্দিন জানান, এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ সদস্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য। এছাড়া প্রায় আড়াইশ’ র‌্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছেন। এছাড়া ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭৪৭ ঘ.